শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত নাতি জায়ান চৌধুরীর মৃত্যুকে শোক ও দুঃখ প্রকাশ করে প্রদানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বৃহস্পতিবার লোটে শেরিং প্রধানমন্ত্রীকে ফোন করেন সমবেদনা জানান বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু।
তিনি জানান: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। এ সময় লোটে শেরিং শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
শ্রীলংকায় রোববারের সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। এ ঘটনায় আহত হয়ে শ্রীলংকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী।










