দেশের তারকা স্ট্রাইকার জাহিদ হোসেনের হ্যাটট্রিকের সুবাদে করাচি ইলেকট্রিক এফসিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। করাচির হয়ে দুটি গোল করেছেন মোহাম্মদ রসুল।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শনিবারের প্রথম খেলায় ম্যাচের শুরুর দিকেই দশম মিনিটে প্রথম গোলটি করেন জাহিদ। এর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। ২৬ তম মিনিটে মোহাম্মদ রসুল করাচি ইলেকট্রিকের হয়ে গোল করেন। তবে ৮ মিনিটের ব্যবধানে আবারও গোল পান জাহিদ। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে করা রসুলের দ্বিতীয় গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার জোড়ালো আভাস দেয় করাচি। প্রথমার্ধ শেষে ফলাফল ছিলো ৩-২।
ম্যাচের ৬৬ মিনিটে ইউসুফ ইসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হওয়া চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও সুবিধা করতে পারেনি করাচি। উল্টো ৮১ তম মিনিটে পেনাল্টি থেকে জাহিদ তার হ্যাটট্রিক পূর্ণ করেন।







