নতুন বলে শুরুটা ছিল দুর্দান্ত। উইকেট না পেলেও কিপটে বোলিং করে যাচ্ছিলেন জাহানারা আলম। ৩ ওভারে ১৮ রান খরচ করা বাংলাদেশের পেসার ইনিংসের শেষ ওভারে দিয়ে বসেন ১৭ রান। চার ওভারে ৩৫ রান দিয়ে উইকেট পাননি। তবে জয়ের আনন্দে মিলিয়ে গেছে শেষের হতাশা।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়ারিয়র্স উইমেনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জাহানারাদের ফ্যালকনস উইমেন।
আগে ব্যাট করা ওয়ারিয়র্সের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৭৭ রান। জবাবে শ্রীলঙ্কান তারকা চামারি আতাপাত্তুর ঝড়ো সেঞ্চুরিতে ৮ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে ফ্যালকনস।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফ্যালকনসের দুই ওপেনার সুজি বেটস ও চামারি আতাপাত্তু গড়েন ১৪ ওভারে ১৩৩ রানের জুটি। অধিনায়ক সুজি বেটস আউট হন ৪৩ বলে ৬০ রানে করে।
জাহানারা ছাড়াও ফেয়ারব্রেক লিগে বাংলাদেশ থেকে খেলতে গেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। বার্মি আর্মি ওমেনের হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় আসরের তৃতীয় ম্যাচে স্পিরিট ওমেনের মুখোমুখি হবে তার দল।








