জার্মানিতে শরণার্থীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। প্রতিদিন দেশটিতে গড়ে শরণার্থীদের বিরুদ্ধে ১০টি করে হামলার ঘটনা ঘটছে। জার্মানির সংসদে দেয়া লিখিত জবাবে এমন তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, গত বছর জার্মানিতে শরণার্থীদের বিরুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি হামলা হয়েছে। এতে ৪৩ শিশুসহ অন্তত ৫০০ ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ২৫৪৫টি হামলা হয়েছে সরাসরি শরণার্থীদের বিরুদ্ধে আর ৯৮৮ হামলা হয়েছে শরণার্থীদের আবাসিক ভবনে।
পুলিশের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায় জার্মানিতে গত বছর দৈনিক গড়ে ১০টি করে শরণার্থী বিরোধী হামলা হয়েছে। অথচ দেশটিতে ২০১৫ সালে শরণার্থীদের বিরুদ্ধে এক হাজার এবং তার আগের বছর মাত্র ১৯৯টি হামলার ঘটনা ঘটেছিল। জার্মানিতে শরণার্থী বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে হামলার ঘটনাও বাড়ছে।
সোস্যালিস্ট ডাই লিঙ্ক পার্টির এমপি ইউলা জেলপেক, অভিবাসী বিরোধী সহিংসতা ও দেশটির ডানপন্থী রাজনীতিকদের নিন্দা করেন এবং এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
২০১৫ সালে জার্মানিতে ৮ লাখ ৯০ হাজার শরণার্থী আশ্রয় নেয়, যা ইউরোপে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তুরস্কের সঙ্গে ইইউর চুক্তির পর শরণার্থীদের সংখ্যা কমলেও ২০১৬ সালে দেশটিতে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ২ লাখ ৮০ হাজার।







