জামায়াতের ডাকা সোমবারের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীদের রাস্তায় দেখা গেলে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকরের পর গণজাগরণ মঞ্চের বিজয় র্যালি। শ্লোগানে শ্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর।
সংক্ষিপ্ত সমাবেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নের আহ্বান জানান ডাক্তার ইমরান এইচ সরকার। আবারো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
কয়েকজন যুদ্ধপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় মঞ্চের কর্মীদের আত্মতৃপ্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মঞ্চের মুখপাত্র।
জামায়াতের হরতাল প্রতিহত করতে সোমবার সকাল থেকে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।







