জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ক্যাম্পাসের কর্মরত এক সাংবাদিক।
মঙ্গলবার দুপুরেবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার মো. মূসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের প্রত্যক্ষ নির্দেশে তার ওপর এ হামলা চালিয়েছে তার অনুসারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ‘চাঁদাবাজি হচ্ছে’ এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক কালবেলা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. মূসা এবং সময়নিউজ.কম এর ক্যাম্পাস প্রতিনিধি সাগর কর্মকার।
চাঁদাবাজির অভিযোগে আটক ওই যুবককে প্রক্টরিয়াল বডির কার্যালয়ে নিয়ে আসার পথে কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থানরত জাবি ছাত্র শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারীরা ওই যুবককে মারধর করতে থাকে। মারধরের এই দৃশ্য ধারণ করার সময় মূসার উপর চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা।
মূসা অভিযোগ করে বলেন, ‘চাঁদাবাজকে প্রশাসনের হাতে না দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করতে থাকে। এসময় আমি ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে তারা আমাকে মারধর করতে থাকে। এরপর আমার মোবাইল কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করে দেয়।
এই বিষয়ে যোগাযোগ করা হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘চাঁদাবাজির করায় একজনকে মারধরের সময় ছবি তুলতে গেলে ওকে (মূসা)কে কয়েক জন জুনিয়র চড় থাপ্পড় দিয়েছে। এটি একটি দুর্ঘটনা।








