বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সোমবার বেলা ১১টায় ইনস্টিটিউট ভবনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক।
উদ্বোধনী বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, আইআইটি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমে অবদান রাখছে। ইতোমধ্যে আইআইটি দেশে ও বিদেশে নিজেদের নতুন চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন এবং ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ এবং ওয়েব ল্যাবের সিইও এনায়েত হোসেন রাজিব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আইটি ইনস্টিটিউটের পরিচালক এম মেসবাহ উদ্দিন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি হয়। র্যালিতে ইনস্টিটিউটের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।








