‘স্মৃতির বর্তমানে, হৃদয়ের টানে’ প্রতিপাদ্য ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে নওয়াব ফয়জুন্নেসা হল এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবের সাক্ষী। এ হলের ছাত্রীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় এবং এ হলের সুনাম বৃদ্ধি করেছেন।
দেশের প্রথম এ নারী উপাচার্য বলেন, এ হলের প্রাক্তন ছাত্রীদের এখন সময় এসেছে এ হলকে আরও সমৃদ্ধ করার। বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা মিলে এ হলের অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে নিজ নিজ অবদান রাখবেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. নাহিদ হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং এ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা আখতার।
আরো উপস্থিত ছিলেন পুনর্মিলনী উৎসবের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শামীমা সুলতানা ঝর্ণা, সদস্য সচিব হাবিবা ইয়াসমীন মিনা, অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস প্রমুখ। 
উদ্বোধনী অনুষ্ঠানে পর উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিকেলে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং প্রথম প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. ফরিদা আখতারকে সংবর্ধনা জানানো হয়। পরে চিরকুট ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।
১ঌ৭৮ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে যাত্রা শুরু করে নওয়াব ফয়জুন্নেসা হল। হলটিতে দুই শতাধিক ছাত্রীর আবাসন সুবিধা রয়েছে।








