জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে এ ইনস্টিটিউট উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইনস্টিটিউটে ভর্তিকৃত সকল নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় উপাচার্য নব প্রতিষ্ঠিত এ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে বিশ্ব সাহিত্যের জ্ঞান আহরণের আহ্বান জানিয়ে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘মাল্টি ডিসিপ্লিনারি পদ্ধতিতে এ ইনস্টিটিউটটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পাঠের জন্য বাংলাদেশে পথিকৃৎ হিসেবে ভূমিকা পালন করবে আশা রাখি। আর দেশি-বিদেশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এই ইনস্টিটিউটটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’
স্বাগত বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম বলেন, ‘শিক্ষার সঙ্গে মানবিক সংস্কৃতির দীপ্তি ঘটাবে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। সাহিত্য ও সংস্কৃতির তুলনামূলক পাঠ সংলগ্নতার মাধ্যমে উদার ও মানবিক দৃষ্টিভঙ্গি অর্জনই আমাদের লক্ষ্য।’
অধ্যাপক শামীম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে পাঠদান ও গবেষণার গুরুত্ব বিবেচনা করে গত ২৭ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ৩০০তম সভায় ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ নামে এ নতুন ইনস্টিটিউটি চালুর সিদ্ধান্ত হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ইনস্টিটিউটটি প্রথম ব্যাচে মোট ২৫ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।







