জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি জালিয়াতির সাথে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বহিষ্কৃতরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শরীফ আহমেদ এবং গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লার অনুসারী।
কেন্দ্রীয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভর্তি জালিয়াতিতে জড়িত এমন অভিযোগ ওঠায় তাদের দু’জনকেই সাময়িক বহিষ্কার করা হয়েছে।
“ঘটনার সত্যতা প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনকেও সহায়তা করবে শাখা ছাত্রলীগ।”
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা তিন শিক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটদের মধ্যে হাসিন ওয়াহিদুল তুষারের দেয়া তথ্যে বেরিয়ে আসে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকা শরীফ ও নাজমুলের নাম।
শরীফ ও নাজমুলকে প্রক্টর অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের পর তুষারের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে ভর্তি করিয়ে দেয়ার চুক্তির বিষয়টি স্বীকার করেন। এই অর্থ নাজমুলের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয় বলেও তিনি স্বীকার করেন।
জালিয়াতি সন্দেহে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে কি না জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই ঘটনায় আমরা (প্রক্টরিয়াল বডি) একটি অভিযোগপত্র তৈরি করেছি। বুধবার তা প্রশাসনের কাছে জমা দেয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’








