জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ‘১ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ শুরু হয়েছে। এতে ৭৪ জন শিক্ষার্থী এবং ৭ জন শিক্ষকের শতাধিক শিল্পকর্ম স্থান প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পুরাতন কলা ভবনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। চারুকলা বিভাগের উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ নিয়ে আমরা গর্বিত। নব্য প্রতিষ্ঠিত এ বিভাগ থেকে দেশবরেণ্য অনেক শিল্পী তৈরি হবে আশা রাখি।’
তিনি আরও বলেন, ‘একজন শিল্পী তাঁর কাজের মধ্যদিয়ে নিজেকে তুলে ধরেন। আর মহান সৃষ্টিকর্মের জন্য সাধনার প্রয়োজন রয়েছে। সাধনাই শিল্পীকে যুগ থেকে যুগান্তর বাঁচিয়ে রাখে।’

বিশেষ অতিথির বক্তব্যে দেশবরেণ্য শিল্পী শহীদ কবীর বলেন, ‘শিল্পীর মনের ভেতর যা অনুভূত হয়, তুলির মাধ্যমে তিনি তা তুলে ধরেন। শিল্পী দেশকে আহার দিতে পারেন না বটে, তবে দেশকে রক্ষা করতে পারেন।’
চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহাসহ চারুকলার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রদর্শনীতে ১০ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এরপর চারুকলা বিভাগে নব্যনির্মিত জয়নুল ড্রইং স্টুডিওর উদ্বোধন করেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।







