জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে
শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট ৯টি ক্যাটাগরির সবগুলোতেই আওয়ামীপন্থী
শিক্ষকরা জয়লাভ করেছেন। রোববার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল এবং বিএনপির একাংশ, বামপন্থী ও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুইজন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডিন ক্যাটাগরিতে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: আমির হোসেন, প্রভোস্ট ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক মো: শাহেদুর রশিদ, অধ্যাপক ক্যাটাগরিতে গণিত বিভাগের অধ্যাপক মো: লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোসা: ফাহিমা আহমেদ এ্যানি ও প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা নির্বাচিত হয়েছেন।
অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ নির্বাচিত হন।
শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক ক্যাটাগরিতে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: ইউসুফ হারুন জয়ী হয়েছেন।







