পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়ে (জাবি) অমিতাভ রেজা পরিচালিত প্রামাণ্যচিত্র ‘আয়নাঘর’ প্রদর্শিত হয়। আজ মঙ্গলবার এই অনুষ্ঠান আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে। কেয়ার বাংলাদেশের উদ্যোগে ‘পারিবারিক সহিংসতা আইন ২০১০ : সুরক্ষা আদেশ’ সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী প্রামণ্যচিত্রটি প্রদর্শন করা হচ্ছে।
তিনজন নারীর বাস্তব জীবনের সহিংসতা নিয়ে নির্মিত প্রমাণ্যচিত্রে পারিবারিক সহিংসতা আইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতার কারণে দেশের জিডিপি কমে যাওয়াসহ নারীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীর পর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট ফেরদৌস নিগার, কেয়ার বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পরিকল্পনা পরিচালক রওনক জাহান ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা। এসময় প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
নির্যাতন বিরোধী আইন সম্পর্কে নারীদের সচেতন করার আহ্বান জানিয়ে অমিতাভ রেজা বলেন, ‘নারী নির্যাতন রোধে সরকার “পারিবারিক সহিংসতা আইন ২০১০” প্রণয়ন করেছে। নারীরা আইনটি সম্পর্কে জানলে পারিবারিক নির্যাতনের শিকার হওয়া নারীকে সহায়তা করা সম্ভব হবে। আইনটি সম্পর্কে সকলকে সচেতন করার জন্য প্রামাণ্যচিত্রটি প্রদর্শনীর আযোজন করা হয়েছে।’
আইনজীবী ফেরদৌস নিগার বলেন, ‘অনেক নারীই সরকারের পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়ার বিষয়টি জানে না। সরকার দেশের ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে নারীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে। এছাড়াও বেসরকারি এনজিওগুলো, আইনি সালিশ কেন্দ্রে ও ১০৯২১ নাম্বারে ফোন করে আইনি সহায়তা পাওয়া যায় বলে তিনি জানান।








