জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন বরাদ্দ সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে টানা ৬১ দিনের ছুটি ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও রোজা উপলক্ষে দীর্ঘ ৬১ দিনের ছুটি ঘোষণা করেছে। এবং ছুটি শেষে আগামী ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
ছুটি ঘোষণার পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন। টানা ৬১ দিন বন্ধ রাখার ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দীর্ঘকাল ক্যাম্পাস বন্ধ রেখে আন্দোলন দমানোর চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে গ্রীষ্মকালীন অবকাশ এবং রোজার ছুটি কাছাকাছি হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে টানা সপ্তম দিনের মত অবরুদ্ধ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের প্রশাসনিক ভবন। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে।
এর আগে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভবনের ৩য় তলা বরাদ্দ দেয়। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নবনির্মিত ভবনের ১ম থেকে ৩য় তলা পর্যন্ত হস্তান্তরের দাবিতে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।






