কোভ্যাক্সের আওতায় জাপান ও যুক্তরাজ্য থেকে দেশে এসেছে ৮০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এর মধ্যে জাপান সরকারের রয়েছে ৪০ লাখ ৮০০ ডোজ এবং যুক্তরাজ্য সরকারের ৪০ লাখ ৫৫ হাজার ডোজ।
বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি আইটিও এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিন হস্তান্তর করেন।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন: সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান আমাদের ভীষণ আস্থাভাজন বন্ধু রাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও দেশের যেকোন ক্রান্তিকালে বাংলাদেশের পাশেই থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই ভ্যাকসিনগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদেরকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন: ভ্যাকসিন প্রদানে ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। এ মাসেই ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাকসিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি।
দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন: করোনায় এই মুহূর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয়ই নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখন পর্যন্ত ৩ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা ৩ জনকেই আমরা কোয়ারেন্টাইন করতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছে ও এখন ভালো আছে। তবে, দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রাখতে হবে, মাস্ক পরতে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারব।







