দেশের সাম্প্রতিক আইন শৃংখলা পরিস্থিতি ও আর্থিকখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংলাপ আয়োজনের আহবান জানিয়েছেন প্রধান বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ । জাতীয় সংসদে বক্তৃতায় পাচার হওয়া অর্থ ফেরত, পিএসসি পরীক্ষা বাতিল ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।
জাতীয় সংসদ অধিবেশেনে আলোচনায় প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নকে স্বপ্ন বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
ঋণ খেলাপির অর্থ মাফ করায় অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকার ব্যাংক কেলেংকারি, রিজার্ভ ব্যাংকের টাকা চুরি আর বিদেশে অর্থপাচার না হলে প্রবৃদ্ধি ৯ শতাংশে পৌছে যেত । আইন শৃংখলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এরশাদ।
বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি ক্রসফায়ার আর হাওয়া ভবন নিয়ে বিএনপির সমালোচনা করেন এরশাদ । তবে উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে নতুন ইতিহাস সৃষ্টির আহবান জানান প্রধানমন্ত্রীকে ।
হঠাৎ করে প্রাইমারী স্কুল সার্টিফিকেট বা পিইসি পরীক্ষা ঘোষণার সমালোচনা করে তা বাতিলের দাবি জানান এরশাদ ।








