জাতীয় সংগীতের মধ্য দিয়ে আজ রোববার রাতে শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ষড়ত্রিংশতম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ আয়োজনের শেষ দিন বিকালে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। সন্জীদা খাতুনকে সভাপতি আর বুলবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৩ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় আজ। কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমিন।
বিকেলে সমাপনী অধিবেশনে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা পেয়েছেন তবলাশিল্পী মদন গোপাল দাস ও পটশিল্পী শম্ভু আচার্য্য। রবীন্দ্রসংগীতে কিশোর বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় অনন্য মান পেয়েছেন ময়মনসিংহের সিঁথি সরকার। তবে সাধারণ বিভাগের কেউ অনন্য মান পাননি। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার দেওয়া হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। এরপর প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন সনজীদা খাতুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন লাইসা আহমদ লিসা।
সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্বলন, আবৃত্তি, নাচ আর সংগীতানুষ্ঠান।










