বৈষম্য ও দারিদ্র দূর করে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিশ্ব সংকট নিরসনের আহ্ববানের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন। নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয়েছে এই অধিবেশন।
ইরাক, সুদান, ইয়েমেন ও সিরিয়ার মানুষের দূরাবস্থা নিরসনে বিশ্ব সমাজকে একসাথে কাজ করার আহবান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
তিনি বলেন, মানুষকে শুধু জীবিত রাখতে নয়, ভালোভাবে বাঁচিয়ে রাখতে জাতিসংঘসহ বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন, রাশিয়া, বর্তমান সিরিয়া, কিউবা, ইরাক, ইরান, আইএস এর পরিস্থিতি উল্লেখ করে বলেছেন যুক্তরাষ্ট্রের একার পক্ষে সব সমাধান করা সম্ভব নয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে বলেছেন একটি দেশের স্বার্থপরতার কাছে সবার মিলিত সহযোগিতা হেরে যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে উম্মুক্ত প্রতিযোগিতার আহ্ববান জানান তিনি। এছাড়াও ইসলামের নামে চরমপন্থা মোকাবেলায় মুসলিম নেতাদের অগ্রভূমিকা রাখার আহ্ববান জানান পুতিন।
অধিবেশনে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ক্রোয়েশিয়া পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করেন ওবামা ও পুতিন। সন্ত্রাসবাদ নির্মূল এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে একসাথে কাজ করার আহ্ববানও জানান তারা।
অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেভ সিরিয়ানদের নিজ দেশে আশ্রয় দেয়ার কথা বলে অন্যদের আহ্ববান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিং পিং চীনের পক্ষ থেকে শান্তি রক্ষী মিশনে ১ বিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দেন।






