আন্তর্জাতিক

জাতিসংঘ প্রধান সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন: ইসরায়েল

জাতিসংঘ প্রধান সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন: ইসরায়েল

জাতিসংঘ মহাসচিব নতুন করে বসতি স্থাপনের ইসরাইলি সিদ্ধান্তের সমালোচনা করায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ প্রধান সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন।

নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় মুন নতুন করে ‘অধিকৃত পশ্চিম তীরে আরো ১৫০ টি ইহুদি বসতি’ স্থাপনের পরিকল্পনার সমালোচনা করার পর এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বান কি-মুন বলেন, ‘এ ধরনের উস্কানিমূলক সিদ্ধান্ত দখলকারীর সংখ্যা বৃদ্ধি করবে, এতে এ অঞ্চলে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে এবং শান্তি রোডম্যাপের অগ্রযাত্রা ব্যাহত করবে’।

তিনি আরো বলেন, ‘বসতি স্থাপন চালিয়ে যাওয়া ফিলিস্তিনি জনগণ ও বিশ্ব সম্প্রদায়কে প্রকাশ্যে অবমাননার সামিল। এই সিদ্ধান্ত ইসরাইলের প্রতিশ্রুত দুই দেশ সমাধানকে প্রশ্নবিদ্ধ করেছে। ইসরাইলের সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়বে এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করাই মানুষের স্বাভাবিক বৈশিষ্ট।’

তবে মঙ্গলবার রাতেই এক বিবৃতিতে নেতানিয়াহু ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে এবং জাতিসংঘ অনেক আগেই তার নিরপেক্ষতা ও নৈতিকতা হারিয়েছে’।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দাবি, সন্ত্রাসবাদ কখনো ন্যায় হতে পারে না।

ফিলিস্তিনি প্রতিরোধকারীদের সন্ত্রাসী দাবি করে নেতানিয়াহু বলেন, তারা কোনো দেশ গঠন করতে চায় না, বরং তারা একটি দেশকে ধ্বংস করতে চায় এবং তারা এটি গর্বের সাথে ঘোষণা করে।

তিনি আরো বলেন, ‘তারা (ফিলিস্তিনি) ইহুদিদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই হত্যা করতে চায়। তারা শান্তির জন্য বা মানবাধিকারের জন্য হত্যা করতে চায় না।’

নতুন করে ইসরাইলি বসতি স্থাপনের প্রতিবাদে গত বছরের ১ অক্টোবর থেকে কয়েকমাসের সংঘর্ষে ইসরাইলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ফিলিস্তিনিদের হামলায় ২৫ ইসরাইলি মারা গেছে।

বিষয়:নেতানিয়াহু বান কি মুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…