জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। শনিবার নোবেল জয়ী এই কূটনীতিক মৃতুবরণ করেন বলে তার পরিবার ও আনান ফাউন্ডেশন জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অসুস্থতাজনিত কারণে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা শোক জানিয়েছেন।
‘আনান ফাউন্ডেশন’ টুইটারে তার মৃত্যুর খবর জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তিনি ছিলেন একজন বিশ্ব রাজনীতিবিদ এবং গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিকবাদী। তিনি সুন্দর ও অধিক শান্তিপূর্ণ পৃথিবীর জন্য আজীবন যুদ্ধ করেছেন।
কফি আনান প্রথম আফ্রিকান ব্যক্তি যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ১৯৯৭ সাল থেকে ২০০৬ পর্যন্ত দুই মেয়াদে এই দায়িত্ব পালন করেন ঘানায় জন্ম নেয়া কফি আনান।







