জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি ৯৩ বছর বয়সে মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট এবং ভেনেজুয়েলায় জাতিসংঘের রাষ্ট্রদূত রাফায়েল দারিয়ো রামিরেজ ক্যারেনোও ঘালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রোকেন পেলভিস সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঘালি।
ইয়েমেনের মানবিক সংকট নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের শুরুতে ঘালির মৃত্যুর সংবাদটি ঘোষণা করা হলে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ বছর সময়কাল প্রথম আরব হিসেবে জাতিসংঘের নেতৃত্ব দেন মিশরের নাগরিক বুট্রোস ঘালি।
সোমালিয়া, রুয়ান্ডা ও মধ্যপ্রাচ্য এবং সাবেক যুগোস্লাভিয়ার সংকটের কঠিন সময়টিতে এই গুরু দায়িত্ব পালন করেন তিনি। এর আগে মিশরের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
১৯২২ সালের ১৪ নভেম্বর কায়রোর একটি কপ্টিক খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন ঘালি।





