সম্পাদকীয়

জলে ভাসা ঢাকা আমি

জলে ভাসা ঢাকা আমি

অফিসের সামনে বৃষ্টির পানিতে
অাটকে গেছে বেড়নোর পথ

টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার মধ্যে যানজটে অতিষ্ঠ নগরবাসী। সময়মতো স্কুল-কলেজ, অফিস-আদালত ও বিভিন্ন গন্তব্যে পৌঁছতে না পারায় বিব্রতকর পরিস্থিতি। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জমেছে হাঁটু পানি। এগুলো কোন হঠাৎ দুর্যোগ না, বৃষ্টি হলেই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এই রাজধানীতে। রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, শেওড়াপাড়া, মিরপুর, তেজগাঁও, আজিমপুর, মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, নাখালপাড়া, তেজগাঁও, কাওরানবাজার, ঝিগাতলা, ট্যানারি মোড়, যাত্রাবাড়ি, কুড়িল, ভাটারা এলাকায় রাস্তায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে জনগণকে। বিশ্বের কোন দেশের রাজধানীতে সামান্য বৃষ্টিতে এধরণের পরিস্থিতি হয় কিনা, তা আমাদের জানা নেই। নিয়মিত পানি নিষ্কাশন ব্যবস্থাসহ ঋতু পরিবর্তনজনিত প্রাকৃতিক পরিবর্তন সামাল দেবার মতো অবস্থায় নেই রাজধানী। মেট্রোরেলসহ বিভিন্ন নিয়মিত কারণে রাজধানী এক-তৃতীয়াংশ এলাকায় চলছে খোঁড়াখুঁড়ি। ভরা বর্ষায় এই অবস্থায় জলাবদ্ধতা কী ভয়াবহ রূপ নিচ্ছে তা অসহায়ের মতো সহ্য করছে নগরবাসী। ঢাকার দুই সিটি কর্পোরেশন বিগত পাঁচ বছরে পানি নিষ্কাশন কার্যক্রম পরিচালনা করতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করেছে। ওইসব খাতে ওয়াসার বাজেটও সিটি কর্পোরেশনকে ছাড়িয়ে যাবার মতোই। এসব কাজের উপযোগিতা আর প্রক্রিয়া পর্যালোচনা করে দ্রুত ভাবার সময় এসেছে বলে আমরা মনে করি। দুই সিটি কর্পোরেশনের ও ওয়াসার অধীনে থাকা খালগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা এখন সময়ের জোর দাবি। কোন প্রতিষ্ঠানের অধীনে কোন খাল, কে কোন খাল উদ্ধারে কী ব্যবস্থা নেবে, এসব বিষয় নিয়ে দুই সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে মাঝে মাঝে বাকযুদ্ধ হয়ে থাকে। এই ধরণের বাহাস দায়িত্ব এড়ানোর একটি অজুহাত বলে আমাদের মনে হয়েছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকসহ সব বিষয়ে কর্মকাণ্ডের কেন্দ্র রাজধানী ঢাকার সমস্যা হয়তো অচিরেই দূর হবে না, কিন্তু প্রতিবছর একটু একটু করে সমস্যা কমে আসলে তা হবে প্রকৃত উন্নয়ন চিত্র, যা বর্তমানে একেবারেই অনুপস্থিত। বিষয়গুলো অতীব গুরুত্বের সঙ্গে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের পরিকল্পনা করে এই অচলাবস্থার অবসান ঘটাতে উদ্যোগী হবেন বলে আমাদের আশাবাদ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…