জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত সম্মেলনে যোগদান শেষে মরক্কো থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তারা শুভেচ্ছা জানান।
এর আগে বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মারাক্কেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
কপ-২২ সম্মেলনে যোগদানের জন্য সোমবার বিকেলে মরক্কোয় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাক্কেশে ৩ দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এবং ১১৫টি দেশের সিনিয়র মন্ত্রীরা যোগদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।শেখ হাসিনা মঙ্গলবার রাতে সম্মেলনে তার দেয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।








