যমজ সন্তানের বাবা হলেন হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি। ঘরে দুই নতুন অতিথির আগমনে দারুণ খুশী তার আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি। লন্ডনের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার পৃথিবীর আলো দেখে তাদের নবজাতক। এদের একটি ছেলে ও আরেকটি মেয়ে শিশু বলে জানা গেছে ।
জর্জ ক্লুনির একজন জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে নবজাতকদের নামও ঠিক করে ফেলেছেন তারা। ছেলেটির নাম রাখা হয়েছে আলেকজেন্ডার আর মেয়েটির নাম ইলা। বর্তমানে মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন বলেও জানা গেছে। এদিকে বাবা হওয়ার জন্য ক্লুনিকে অভিনন্দন জানাতে মোটেও দেরি করেননি হলিউডবাসীরা।
নিকোল কিডম্যান তার অভিনন্দন বার্তায় জানিয়েছেন, ‘একজন শিশুর জন্মই যেখানে আনন্দের, সেখানে দুইজন হওয়ায় আনন্দটাও দ্বিগুণ।’ এদিকে তারকা দম্পত্তির সন্তানদের সাদাসিধে নাম দেওয়ায় সবাই প্রশংসায় ভাসছে টুইটারে।
২০১৪ সালে ইতালির ভেনিসে বিয়ের পিঁড়িতে বসেন দুইবার অস্কার আর তিনবার গোল্ডেন গ্লোব জয়ী ৫৬ বছর বয়সী অভিনেতা জর্জ ক্লুনি আর মানবাধিকারকর্মী আমাল ক্লুনি (৩৯)। মাঝে কিছুটা খারাপ সময় গেলেও দুই যমজ শিশু বাঁধ ভাঙ্গা খুশিই নিয়ে এলো তাদের জীবনে। বিবিসি।









