ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে এক সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় কমপক্ষে ১৭
সেনা সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর পাল্টা হামলায় চার জঙ্গিও
নিহত হয়।
হামলার ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জঙ্গি হামলাটি সাম্প্রতিক সময়ে কাশ্মিরে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৪টার
দিকে ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে জম্মু কাশ্মিরের
উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশাসনিক ঘাঁটিতে বন্দুক হামলা চালায়
চার জঙ্গি। হামলায় পাল্টা হামলা চালায় সেনা সদস্যরা। টানা ৬ ঘণ্টার বন্দুকযুদ্ধ শেষে ১৭ সেনা সদস্য এবং জঙ্গিদের সবাই মারা যায়।
সেনা সূত্র জানায়, ঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য বিমানযোগে ঘটনাস্থল থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে।
জঙ্গিরা ‘ফিদায়িন’ বা আত্মঘাতী হামলাকারী গোষ্ঠীর সদস্য ছিলো বলে জানানো হয়েছে।
হামলা চলাকালে অনেক দূর থেকেও ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং কয়েকটি ব্যারাকে আগুন ধরে যায়। ওই সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছিল।
হামলার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কিছু সময় পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কখনো সাধারণ জনগণ আবার কখনো বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সংঘর্ষ চলতে থাকে। তবে গত জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে জঙ্গিদের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে পুরো উপত্যকায় সহিংসতা ও অস্থিরতা আরও বেড়েছে।






