গাজীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন জাতের কাঠ ও ফলের দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়াও প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলার ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নগরের জোলারপাড় এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদল জমি দখল করতে গিয়ে জমিতে থাকা আম, জাম, কাঁঠাল, মেহগনি, নারিকেল ও সুপারিসহ বিভিন্ন জাতের কাঠ ও ফলের দুই শতাধিক গাছ কেটে ফেলে।
এতে কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। তাছাড়াও তাদের বাড়ির পানির লাইন কেটে এবং ভাঙচুর করে আরো পাঁচ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
হামলাকারীদের বাধা দিতে গিয়ে কালামের স্ত্রী লাইলি আক্তার, ভাতিজী সাবিনা আক্তার শিমুসহ ৫ জনকে আহত হয়। এ সময় তাদের কাছে থাকা চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
পরে এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।







