বত্রিশে বছরে পা দিলেন বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২৩ মার্চ জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। আর এই বিশেষ দিনেই ভক্তদের দারুণ এক উপহার দিলেন ‘মণিকর্ণিকা’ খ্যাত এই অভিনেত্রী।
চলতি বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি ‘মণিকর্ণিকা’র পর এবার কঙ্গনাকে দেখা যাবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে। জন্মদিনে যে ছবির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং খুব প্রভাবশালী ও দক্ষ রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে বায়োপিক তৈরি হতে যাচ্ছে। যেখানে জয়ললিতার চরিত্রে দেখা মিলবে কঙ্গনার। জয়ললিতাকে দক্ষিণে ‘পুরাটছি তালাইভি’ অর্থাৎ ‘বৈপ্লবিক নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়।
জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত এই বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। এর তামিল ছবির নাম হবে ‘তালাইভি’ আর এই ছবির হিন্দি নাম ‘জয়া’।
ছবিটি গল্প লিখছেন ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এছাড়া ছবিটি তৈরি হবে বিষ্ণু বর্ধন ইন্দুরি, শৈলেশ আর সিং ভাইবরি ও কর্মা মিডিয়ার ব্যানারে।







