পুলিশ বাহিনীকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২০এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পুলিশ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: এখন বাহিনীতে নারী পুলিশ বাড়ছে। তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিবো। পুলিশের নানান শাখাও খোলা হচ্ছে। তারা সফলভাবে কাজও করছে। পুলিশের কল্যাণের দিকে লক্ষ্য রেখে ট্রাস্ট ফান্ড গড়া হয়েছে। অবসরপ্রাপ্তরা অবসরের পরেও ঋণ নিয়ে নানান কাজ করতে পারবে।







