প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, জনগণের সেবক হবেন, শাসনকর্তা নন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৩তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১৬০ জন সহকারী পুলিশ সুপার কুচকাওয়াজ শেষে কর্মজীবনে প্রবেশ করছেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আইনী সেবা দিয়ে ও মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গীবাদ এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের কাজ এগিয়ে চলছে। তথ্য প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ অধিকার দেয়া হচ্ছে।
দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে দেশ গঠনের অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
১৯৭২ সালে এই মাঠে পুলিশের এএসপিদের উদ্দেশ্যে জাতির জনকের দেয়া ভাষণ থেকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের সেবক হবেন, শাসনকর্তা নন’।
সারদা পুলিশ একাডেমীর নব নির্মিত প্যারেড গ্রাউন্ডের ফলক উন্মোচন করেন তিনি। পরে শারদায় ২টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।






