চিকিৎসকদের মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স এর ১৩তম সমাবর্তনে প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সমাজের বিত্তবানদের ভূমিকা রাখতে হবে।
গত ৩ বছরে চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর শেষ করা প্রায় দেড় হাজার চিকিৎসককে সমাবর্তনের মাধ্যমে সনদ তুলে দিলো বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবার প্রকল্পগুলো বন্ধ করেছিলো বিএনপি-জামায়াত। বর্তমান সরকারের লক্ষ্য জনগণের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।
প্রধানমন্ত্রী বলেন, ডাক্তারদের মুখের কথায় অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আমরাও তো মাঝে মাঝে রোগী হই ব্যাপারটা বুঝি। আপনারা সেসব কথা মাথায় রেখে চিকিৎসা সেবা দিবেন। সততার সঙ্গে এই পেশাটা পালন করবেন।
দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা জানান শেখ হাসিনা। বলেন, দেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। বিনিয়োগও বাড়ছে। বিত্তবানদের অনুরোধ করবো, অর্থ সম্পদ নিজের কাছে না রেখে চিকিৎসা সেবায় বিনিয়োগ করতে পারেন। নিজের নামে চাইলে কোনো ওয়ার্ড করতে পারেন। অ্যাম্বুলেন্স দিতে পারেন। লাইব্রেরীটা আরো উন্নত করতে পারেন।
এর আগে স্বর্ণপদক প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।










