জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে কাজ করে যেতে গাজীপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিকল্পিতভাবে উন্নয়ন করতে চায় যাতে এর সুফল সবার কাছে পৌঁছে।
ঠিক একমাস আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুরের নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান।
এরপর সিটি কর্পোরেশনের ৭০ জন কাউন্সিলরকে শপথ পড়ান এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ৬ জন কাউন্সিলর এখনও গেজেটভুক্ত না হওয়ায় তাদের পরবর্তীতে শপথ পড়ানো হবে।
প্রধানমন্ত্রী নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের মানুষের জন্য দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দেন। দলমত নির্বিশেষে সকলকেই জনগণের জন্য কাজ করার সুযোগ দেয়া হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
৪ সেপ্টেম্বর বর্তমান মেয়রের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন নব-নির্বাচিত মেয়র।







