প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ৭ নভেম্বর প্রকৃত পক্ষে সৈনিক হত্যা দিবস। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করেছিল।
লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ লুট করে বিএনপি নেতারা প্রবাসে বিলাসী জীবনযাপন করছে।
লন্ডন সফরের শেষ কর্মসূচি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ড থেকে লন্ডন সফর করে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী ।
শহরের কুইন এলিজাবেথ সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছিলেন লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় শীর্ষ নেতাদের পর প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্টের পর এ দেশে বহু ক্যু হয়েছে যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান।
আওয়ামী লীগ মানে উন্নয়ন আর বিএনপি মানে ধ্বংস এ কথা উল্লেখ করে সবসময়েই আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এজন্য যেকোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সরকার।









