বিরোধীদলকে দমন করতেই সরকার জঙ্গিবাদ জিইয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছে
বিএনপি। দলটির নেতারা বলেছেন, জঙ্গিবাদ ইস্যু থেকে দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই
তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে শনিবার বিক্ষোভের পরদিন জাতীয়
প্রেসক্লাবে প্রতিবাদ সভায় দলটির নেতারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, শুধু তারেক রহমান নয়; বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একদিকে জাতিকে ধ্বংস করার জন্য, দেশকে আন্তর্জাতিকভাবে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসের কথা আনা হচ্ছে। অন্যদিকে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করার জন্য প্রধান বিরোধী দলকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের মামলার রায় সে নীল নকশার শেষ পর্যায়।’
জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ দলের নেতাদের।
স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপির জনপ্রিয় নেতাদের দূরে সরিয়ে রাখতে দলের চেয়ারপারসনসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হচ্ছে। সরকারের এই চক্রান্ত শুরু মাত্র। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারকে এ থেকে দূরে সরিয়ে রেখে আন্দোলন করতে হবে।
বিএনপি নেতারা বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হলে জঙ্গিবাদ নির্মূলে বিদেশী সহায়তার প্রয়োজন নেই।
সভায় আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।










