প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলেমেয়েদের জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে সরাতে অভিভাবক ও শিক্ষকদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, দেশে মাঝে মাঝে নতুন উপসর্গ দেখা দেয়। মেধাবী ছেলেরা কিভাবে জঙ্গিবাদে চলে যায় সেটা আমার বোধগম্য নয়। ইসলাম শান্তির ধর্ম। সেখানে কখনো হত্যার কথা বলা হয়না। তারা কিভাবে তাহলে নিরীহ মানুষকে হত্যা করে বেহেশতে যেতে চায়।
ইসলামেই বলা আছে, আত্মহত্যা মহাপাপ। আর এসব ছেলেমেয়েরা আত্মঘাতী হয়। দেশের বাইরে চলে গিয়ে নানান বিপথে জড়িয়ে পড়ে। সবাইকে মনে রাখতে হবে, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না। এই ভুখণ্ডে যার যার ধর্ম সে সে পালন করবে, স্বাধীনভাবে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামটাই এখন বিপথে নিয়ে যাচ্ছে তারা। সেখান থেকে তাদের ফিরিয়ে আনতে হবে। মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে হবে যে এটা ভুল পথ।
তিনি বলেন, আজ শিক্ষার পরিবেশ অত্যন্ত উপযোগী। সেই সঙ্গে তাদের উদ্ভাবনী শক্তি প্রকাশেও ব্যবস্থা নেয়া হচ্ছে। আত্মঘাতীমূলক কাজ যেনো এসব ছেলেমেয়েরা না করে। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটার ইতিহাস সবাইকে জানতে হবে। সেটার গুরুত্ব বুঝতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থার কথা টেনে তিনি বলেন, আমরা শিক্ষার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। ২০২১ সাল অব্দি সময় লাগবে এসব কাজ সম্পন্ন করতে। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সাবলম্বী। শিক্ষাখাতে আমরা সবচেয়ে বেশি ব্যয় দিচ্ছি। তবে এটাকে আমি ব্যয় নয় বিনিয়োগ বলতে চাই। দেশের উন্নয়নে তারা পরে কাজে আসবে। ৯৬ সালের আগে কেউ ভাবেনি যে দেশে গবেষণা নিয়ে কাজ হতে পারে। আমরা সেদিকে গুরুত্ব দিয়েছি। আর সেটা দিয়েছিলাম বলেই বাংলাদেশ আজ খাদ্যে উন্নত দেশ।

দেশে আরো বেশি বেশি গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নানান কাজে আমরা এখনো দেশের বাইরে থেকে লোক হায়ার করে আনি। সেসব ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের ছেলেমেয়েদের আরো দক্ষ করতে হবে। আমাদের বিশাল ল্যান্ড বাউন্ডারি আছে। সমুদ্র আমাদের সম্পদ। সেসব ব্যবহার করতে হবে। সমুদ্রে আরো গবেষণা দরকার। সেখানে একটা সি একোরিয়াম করতে চাই। সেসব কাজে বিভিন্ন ধরনের লোক যেমন দরকার তেমন বিজ্ঞানীও দরকার। পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালাতেও ভালো কিছু মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনের দরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমরা খুব দ্র্রুতই বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করবো। সেজন্য অনেক গবেষক ও বিজ্ঞানী প্রয়োজন আমাদের।
বুধবার শাপলা হলে দেশের ২৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









