ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির মিন্দানাও দ্বীপে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চালিয়ে যাওয়ার সুবিধার্থে সেখানে সামরিক আইন জারি করেছেন। প্রথমে ৬০ দিনের জন্য এই সামরিক আইন জারির ঘোষণা দিলেও পরে দুতের্তে বলেন, প্রয়োজনে তা বছরখানেকও থাকতে পারে।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের ওই দ্বীপে আইএসের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে বলে সংশ্লিষ্টরা বিবিসিকে নিশ্চিত করেছেন। সেখানে ইসলামের নামে চরমপন্থি বেশকিছু দল স্বায়ত্বশাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে। ‘মৌতে’সহ ওই দলগুলোর কয়েকটি আবার আইএসের প্রতি আনুগত্যও স্বীকার করেছে।
মিন্দানাওয়েরই একজন স্থানীয় ছিলেন প্রেসিডেন্ট দুতের্তে। দ্বীপটিতে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে তিনি অবশ্যই কঠোর হবেন।
‘এতে (সন্ত্রাস দমনে) যদি এক বছর লাগে তাহলে আমরা এক বছরই কাজ করব। আর যদি এক মাসে কাজ হয়ে যায়, তাহলে আমি খুবই খুশি হবো, ফিলিপিন্স সরকারের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত ভিডিওতে তিনি এ কথা বলেন।
মিন্দানাও দ্বীপে হওয়া সহিংসতা ও জঙ্গিবাদ দমনের জন্যই রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে যান ফিলিপিন্সের প্রেসিডেন্ট।








