জঙ্গিবাদ যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সর্বশেষ আজিমপুরে চালানো অভিযান তারই ধারাবাহিকায় পরিচালিত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে অভিযানের পাশাপাশি অব্যাহত থাকবে গোয়েন্দা তৎপরতা।
রোববার রাজধানীর আফতাবনগরে গরু-ছাগলের হাট পরিদর্শনের সময় চলমান জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে জঙ্গিরা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে অভিযান চলবে বলে জানিয়ে মাঠে নামার কথা জানিয়েছে র্যাব।
জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের সকল ঈদগাহে শুধু জায়নামাজ নিয়ে ঈদের নামাজ পড়তে আসার অনুরোধ জানিয়েছেন র্যারের মহাপরিচালক বেনজীর আহমেদ।
রোববার বিকেলে জাতীয় ঈদগাহ পরির্দশন শেষে সাংবাদিকদের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।
গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী অভিযানে নিহত হন।
এরপর ২ সেপ্টেম্বর রাজধানির রূপনগরে পুলিশের অভিযানে নিহত হয় তামিমের সেকেন্ড ইন কমান্ড জাহিদুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় রাজধানির আজিমপুরে আবারো জঙ্গিবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আজিমপুরে অভিযানের সময় নিহত সন্দেহভাজন যুবক জামশেদ নামে বাসা ভাড়া নিয়েছিলো বলে জানতে পেরেছে পুলিশ।








