প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৯ হাজার ৫৪৬ জন প্রবাসী বাংলাদেশীর মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নুরুল ইসলাম বিএসসি বলেন, এর মধ্যে ১৫ হাজার ৬১১ জন প্রবাসী কর্মী হওয়ায় তাদের প্রতি পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে মোট ৫৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা দেয়া হয়েছে।
এছাড়াও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের শ্রম উইংয়ের সহায়তায় নিয়োগকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ৪৫৩ জন মৃত কর্মীর জন্য ক্ষতিপূরণ ২৪০ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।







