ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ‘টারজান’ অভিনেতা রন এলির স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সান্তা বারবারা কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে: পারিবারিক বিরোধের কথা বলে অভিনেতা রন এলির প্রতিবেশীদের কাছ থেকে একটি জরুরি ফোন আসে। পরে ডেপুটিরা এই দম্পতির বাড়িতে উপস্থিত হয়। এসময় একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় স্ত্রী ভ্যালারি লুনডিন এলিকে (৬২) পাওয়া যায়।
‘ডেপুটিরা সন্দেহভাজন হিসেবে এলিসের পুত্র ক্যামেরন এলিকে (৩০) চিহ্নিত করে এবং হুমকির বিষয়টি নির্ধারণ করার পরে তাকে গুলি করে হত্যা করা হয়।’
শেরিফের অফিস জানায়, ‘ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডেপুটিরা ক্যামেরন এলিকে আশেপাশের এলাকায় অনুসন্ধান ও তল্লাশি চালায়। সেসময় ক্যামেরন বাড়ির বাইরে ছিল। তবে সে হুমকি হয়ে ওঠায় দায়িত্বরত ৪ ডেপুটি গুলি করে মারাত্মক আহত করে।’
তবে ওই ঘটনায় স্ত্রী নিহত হলেও ‘টারজান’ অভিনেতা রন এলি (৮১) অক্ষত রয়েছেন। অভিনেতা রন এলি ১৯৬০ সালের টেলিভিশন সিরিজ টারজানের প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।








