মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন বাপ্পী লাহিড়ী। তার প্রয়াণের খবরে শোকস্তব্ধ সংগীত প্রেমীরা। বৃহস্পতিবার ভোরে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাইয়ে ফেরেন বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা। তার কাঁধেই অন্তিম যাত্রার পথে বাপ্পী লাহিড়ী।
শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি আগেই শুরু হয়েছিল। বাপ্পা ফেরার পর বাবার অন্তিম দর্শন সারেন। তারপর বাপ্পী লাহিড়ীর দেহ বাড়ি থেকে বের করা হয়। এসময়ে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী। মরদেহের পিছনে চিৎকার করে ছুটতে দেখা যায় শোক বিহ্বল রিমাকে।

শেষযাত্রায় পা মিলিয়েছেন বাপ্পী লাহিড়ীর বন্ধু-অনুরাগীরা। ফুলের চাদরে সাজানো শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানের উদ্দেশে রওনা হয়েছে শববাহী গাড়ি। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে।
দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।
১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।








