ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে দেওয়া আটকাদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট।
গত বুধবার দেয়া আটকাদেশটি শনিবার ছুটির দিন দুপুরে সম্পূরক কার্যতালিকা করে প্রত্যাহারের আদেশ দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ। দুপক্ষের সমোঝোতার ভিত্তিতে আগের আদেশটি প্রত্যাহার করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন।
লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী আটকাদেশ দিয়েছিলেন।
এর আগে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহির্নোঙর হাড়বাড়িয়া ১১-তে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি।







