কোরবানির ঈদ শেষ হয়ে গেলেও অনেকের ফ্রিজেই এখনো রয়ে গেছে কোরবানির মাংস। তাই আজকের ছুটির সকালে হাতের কাছে থাকা উপাদান দিয়ে গরম গরম কিমা পরোটা তৈরি করে ফেলুন। সহজেই ঝটপট তৈরি করা এ পরোটা পেয়ে সবাই খুশি হয়ে যাবে।
প্রয়োজনীয় উপকরণ: ১ কাপ ময়দা বা আটা, গরুর বা খাসির মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ২টি, ১ চা চামচ হলুদ গুঁড়ো ও লালমরিচ গুঁড়ো, আদা ও রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, ৩টি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি অর্ধেকটি, ধনে ও জিরা গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা কুচি, তেল পরিমাণ মতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে পরোটার ডো তৈরি করতে হবে। একটি পাত্রে ময়দা নিয়ে তাতে ১ চা চামচ তেল, ১ চিমটি লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে পরোটার ময়ান তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।
এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এতে টমেটো কুচি দিয়ে আবার ভালো করে সবকিছু মিশাতে হবে।
এবার মাংসের কিমা ঢেলে তার ওপর জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো, লালমরিচ গুঁড়ো, গরম মসলা দিয়ে মাংস কষাতে হবে। কিমা কষানো হয়ে গেলে নামানোর আগে ওপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে হবে।
একটা পরোটা বানানোর জন্য যতটুকু ময়ান নিবেন, ভিতরে কিমার পুরও ততোটুকু নিবেন। সামান্য আটা দিয়ে গোল করে পরোটা বেলে তার ভিতর কিমার পুর দিয়ে আবার পরোটা বেলে নিন। পরোটার চারপাশ যেনো পাতলা হয় এবং মাঝের অংশ যেনো একটু ভারী হয় তা লক্ষ রাখতে হবে। এবার সামান্য তেল দিয়ে পরোটা ভেজে পরিবেশন করুন গরম গরম কিমা পরোটা।







