লোভ-লালসা যেনো ছাত্র রাজনীতিকে কলুষিত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যহত থাকলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সমৃদ্ধ দেশে উন্নীত হতে পারবে।
বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে।
রাষ্ট্রপতি শিক্ষার মান বৃদ্ধিও এখাতে বিনিযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশে দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান এখনো কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। এজন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ছাত্র সমাজের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এ দেশের ছাত্ররাই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাসহ মহান মুক্তিযুদ্ধে বিপুল অবদান রেখেছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালগুলো পরিচালিত হয় জনগণের অর্থে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখার দায়িত্ব সকলের।







