সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের নাম কবির আহমদ (৩০) ও বতু মিয়া (৪০)।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে পীরপুর জামে মসজিদ থেকে তাবলীগ জামাতকে ইফতারের পূর্বে বের করে দেয়ার ঘটনার জের ধরে মস্তান মেম্বার ও ময়না মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের সাবেক মেম্বার নীলু আহমদ মস্তান ও একই গ্রমের ময়না মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ময়না মিয়ার পক্ষের কবির আহমদ ও বতু মিয়া গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দু’জনের মৃত্যু হয়। ঘটনায় ১০ জন আহত হয়েছে।
এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময়ে ভয়াবহ সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
থানা সুত্রে জানা গেছে, সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।






