প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার কারণে তার রাজনীতিতে ফেরা না ফেরা প্রসঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমেদ পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
ছবির কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়ে থাকলে সেজন্য তিনি ক্ষমা চেয়ে জানিয়েছেন, তিনি রাজনীতিতে ফিরছেন না। তবে বঙ্গবন্ধু তার আদর্শ।
সোহেল তাজ রাজনীতিতে ফিরে আসছেন বলে কয়েক দিন ধরে যে গুঞ্জন চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান পরিস্কার করেছেন।
সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ জানান, গণমাধ্যমে প্রকাশিত আমার রাজনীতিতে ফিরে আসার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। দুই বোনকে সঙ্গে নিয়ে বাবা তাজউদ্দীন আহমদ ও মা জোহরা তাজউদ্দীনের নামে গঠিত ‘মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি আমি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করতে শনিবার রাতে গণভবনে যাই। পরে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, আমি রাজনীতিতে ফিরে আসছি, যা সম্পূর্ণ অসত্য।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরো লিখেছেন, ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অমূল্য নির্দেশনা এবং উপদেশ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র বাংলাদেশের জনগণের অভিভাবক নন, তিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও নীতির রক্ষাকারীও। তাই আমাদের মহৎ উদ্যোগ সম্পর্কে তার সহযোগিতা ও আশীর্বাদ চাইবো এটাই স্বাভাবিক।
একইদিন অপর এক ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, আমার প্রতি সবাই যে ভালোবাসা দেখিয়েছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীন ফাউন্ডেশনের মাধ্যমে জনগণের জন্য প্রচুর কাজ করতে পারবো, সেটি আমি জানি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং সব সময় থাকবো, যার জন্য আমার বাবা তার পুরো জীবন উৎসর্গ করেছেন এবং সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। ফাউন্ডেশন, আমাদের পরিবার এবং আমার জন্য ভালোবাসা, অনুগ্রহ এবং সমর্থনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
তিনি আরো লিখেছেন, পাবলিক ডোমেইনে ব্যক্তিগত ছবি প্রকাশের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।







