সেমিফাইনালে জিতে আগের ম্যাচেই মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। লাল-সবুজের বাঘিনীদের দাপট সেখানেই শেষ হয়নি। সেরাটা যেন জমিয়ে রেখেছিল ফাইনালের জন্য। সেখানে প্রতিপক্ষকে কোণঠাসা করে ৭০ রানের বড় জয়ে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়েই ২০২০ আসরে যাচ্ছে সালমা খাতুনের দল।
এইবার নিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গত আসরের বাছাইয়েও চ্যাম্পিয়ন হয়েছিল টিম টাইগ্রেস।
স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের কাছে সেটাই হয়ে যায় পাহাড়সম। টিম টাইগ্রেসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ৬০ রানেই থেমে যায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা দলটির ইনিংস।
প্রথমে ব্যাট করা বাংলাদেশের সূচনাটা ছিল দুর্দান্ত। ১০ ওভারের মধ্যেই দলের স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুন। ৩৩ রান করা মুর্শিদা আউট হয়ে ফিরতেই রান তোলার গতি কমে যায়।
পরে নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। তবে একটা পাশ আগলে রেখে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন সানজিদা ইসলাম। ৬০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন বাঘিনীদের ফাইনালে তোলার সেরা ব্যাটার।
ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েদের বল খেলার মতো সাধ্যই হয়নি থাইল্যান্ডের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭০ রানে হেরে বসে ম্যাচ।
দারুণ বোলিংয়ের দিনে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। একটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা।







