হংকং থেকে চারজাতি ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল সোমবার মধ্যরাতে দেশে ফিরছে। রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা তাদের।
চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাফুফে জানিয়েছে, বিমানবন্দরেই ফুলের মালা ও মিষ্টি দিয়ে চ্যাম্পিয়নদের স্বাগত জানানো হবে।
মালয়েশিয়া, ইরান এবং স্বাগতিক হংকংকে টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। দুটি হ্যাট্রিকসহ টুর্নামেন্টের তিন ম্যাচে স্ট্রাইকার তহুরা খাতুন একাই ৮ গোল করেন। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ২৪ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা।








