জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ হিসেবে আসছে চ্যানেল আইয়ে। ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রচার হবে ‘বেসিক আলী’র প্রথম পর্ব। এতে বেসিক আলী চরিত্রে ওয়েব সিরিজের মতোই অভিনয় করছেন তৌসিফ। আর তার বিপরীতে রিয়া চরিত্রে সাবিলা নূর।
এর আগে ওয়েব সিরিজ হিসেবেও ইউটিউবে এসেছে ‘বেসিক আলী’। ওয়েবে এরইমধ্যে ১৩টি পর্ব প্রচার হয়েছে।
‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। ওয়েব সিরিজেও তিনি কয়েকটি পর্ব পরিচালনা করেছেন।
তিনি বলেন: আমি নিয়মিত নাট্যনির্মাতা। ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ নির্মাণের অভিজ্ঞতা তাই একদম আলাদা। কারণ নাটকে আমরা রিয়েলিটি বেশি খুঁজি। এ কাজে লজিক কম, কিন্তু ইলজিক ফানই বেশি।
‘দর্শক ইলজিক ফানেই মজে থাকবে এটি আশার বিশ্বাস।’
কার্টুনটিতে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছে। বেসিক আলীর স্রষ্টা সাংবাদিক শাহরিয়ার খান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমে ১৩ পর্ব নিয়ে বেসিক আলী আসছে টেলিভিশন দর্শকদের জন্য। আমরা মনে করি, চ্যানেল আইয়ের মাধ্যমে বেসিক আলী আরো দর্শক তৈরী করবে।
তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে: ‘হিল্লোলের যন্ত্রণা’, ‘বেগার্স’, বাঙ্গু ব্যাংক, ‘গান যন্ত্রনা’, ‘খেলোয়াড়’ প্রভৃতি।

টেলিভিশন সিরিজ হিসেবে বেসিক আলী প্রচার এবং নাম চরিত্রে অভিনয় প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তৌসিফ বলেন, ‘ওয়েব সিরিজের পর থেকেই নিজেকে বেসিক রূপে মনে হচ্ছে। অনেকে বেসিক আলী বলেও আমাকে ডাকছে। ওয়েবের পর টেলিভিশন। ধীরে ধীরে এগুচ্ছে বেসিক।
‘আমি শাহরিয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এ কারণে যে তিনি মনে করেছিলেন তার বেসিক আলীর সঙ্গে আমার মিল আছে।’
গত ১১ বছর ধরে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হচ্ছে কার্টুন সিরিজ ‘বেসিক আলী’।







