শোকের মাস আগস্টে চ্যানেল আইয়ের মাসব্যাপী আয়োজন ‘বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ’ অনুষ্ঠানে ভূমিকা পাঠ করেছেন জাতির জনকের বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকা পাঠ ছাড়াও তিনি বলেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পেছনের কাহিনী।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করা হয় ১৯৭৫ এর ১৫ই আগস্ট। ১৫ আগস্ট ৪০ তম জাতীয় শোক দিবস উপলক্ষে চ্যানেল আই মাসব্যাপী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
আয়োজনের প্রথম পর্বে বইয়ের ভূমিকাপাঠ করবেন জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের নির্মাণ পরিকল্পক ফরিদুর রেজা সাগর, পরিচালক শাইখ সিরাজ আর সব্যচাসী লেখক সৈয়দ শামসুল হক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে ক্যামেরায় ভূমিকাপাঠ ধারন করেন।
বঙ্গবন্ধু হত্যার ২৯ বছর পর নিজ হাতে লেখা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ডায়েরী খুঁজে পাওয়া এবং আত্মজীবনী প্রকাশের আগের নানা বিষয় তুলে ধরেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু পরিবারের দুর্ভাগ্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের ভাগ্যতো বারবারই দেখেছি দুর্ভাগ্যে পরিণত হয়েছে। তাই আমি যখন কারাবন্দী ছিলাম তখন এই ভূমিকাটা লেখি। কি আশ্চার্য ব্যাপার আমার বাবা লেখলেন আত্মজীবনী যখন তিনি দিনের পর দিন কারাগারে বন্দী। আমি ভূমিকাটাও লিখেছিলাম সেই বন্দীখানাতেই বসে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে নিজের লেখা ভূমিকা পাঠ করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা।
অনুষ্ঠানের সূচনাপর্ব প্রচার করা হবে শোকের মাসের প্রথম প্রহরে ৩১ জুলাই রাত ১১টা ৫৫ মিনিটে। আর মাস জুড়ে প্রতিরাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ।






