চ্যানেল আইয়ের জন্মদিনে ফেসবুক লাইভ উৎসবে মেতেছে চ্যানেল আই চেতনা চত্বর। বাদ পড়েনি চ্যানেল আই অনলাইন টিমও। সকালে চেতনা চত্বর থেকে বেলুন উড়িয়ে শুভ জন্মদিনের কার্যক্রম শুরু করার অনুষ্ঠান থেকে শুরু করে সারাদিনে ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অগণিত বন্ধুদের সামনে হাজির করেছে অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব সেলিব্রেটি, গুণীজন এবং রাজনীতিককে।
এর বাইরে চেতনা চত্বর থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ফেসবুক বন্ধুদের চ্যানেল আইয়ের জন্মদিনের জানান দিয়েছেন আরও অনেকে। সোস্যাল মিডিয়ায় লাইভ অপশনের মাধ্যমে চ্যানেল আইয়ের সারাদিনের আয়োজন পৌঁছে দিয়েছে তাদের ফেসবুক বন্ধুদের কাছে। তাদের মধ্যেই একজন আহমেদ মির্জা।
এ প্রসঙ্গে তিনি বলেন: আমি নারায়নগঞ্জ থেকে চ্যানেল আইয়ের জন্মদিনে আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছি। আমার বন্ধু, যারা আসতে পারেনি। আনন্দ আয়োজন থেকে তারা বাদ পড়বে কেনো! এজন্যই ফেসবুক লাইভের মাধ্যমে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।
স্বর্ণালী সতেরো পেরিয়ে আঠারোয় জয়ধ্বনি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরণ করে নেওয়া হয় অগ্রযাত্রার ১৮ বছরকে। চ্যানেল আইয়ের এ অগ্রযাত্রার অংশ হতে চেতনা চত্বরে উপস্থিত ছিলেন বন্নি ইসলাম। ধানমন্ডি থেকে এসেছেন দিন ব্যাপি আয়োজন উপভোগ করতে। তিনিও অংশ নিয়েছেন লাইভ উৎসবে। নিজের উপস্থিতি জানান দিতে তিনিও অংশ নিয়েছেন ফেসবুক লাইভে।










