চোখ বুজলেই শুধু গুলির শব্দ, হাহাকার আর মায়ের মৃত্যুর দৃশ্য চোখে ভাসে গোপিতের। গোপালের গো আর নাপিতের পিত মিলিয়ে তিন গ্রামের সবাই গোপালকে গোপিত বলে। তোরাবকে দেখে এমন অনুভূতির কারণ খুঁজে পায়না গোপিত। গোপিত এর বউ গোমতি। নদীর নামে নাম। নদীর মতও সে। স্বামীর অস্থিরতার কারণ খুঁজে বের করার চেষ্টা করে সে। তবে তল খুঁজে পায়না স্বামীর চিন্তার। আচ্ছা ৭১-এর মুক্তিযুদ্ধে তোরাবের কী কোন ভূমিকা ছিল? কী ভূমিকা ছিল?
স্বাধীনতা দিবসের জন্য এমন গল্পের টেলিছবি নির্মাণ করছেন নির্মাতা সাজ্জাদ সুমন। পূবাইলে শনিবার শুরু হয়েছে টেলি ছবির শুটিং। দয়াল সাহার গল্পে টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে। স্বাধীনতা দিবসের বিকালে।

গোপিতের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং গোমতির চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তোরাবের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। গোপিত চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ’৭১ মানে ৩০ লাখ শহীদের আত্মদানের ইতিহাস। এই শহীদেরা সারা বাংলাদেশের ঘাসে রক্তলাল হয়ে মিশে আছে। যে হারিয়েছে সেই শুধু বোঝে হারানোর কষ্ট। সে একজন নাপিত হলেও বুকে জমিয়ে রাখে খুনীদের প্রতি তীব্র ঘৃণা কিংবা প্রতিশোধের আকাঙ্খা।’
এমন গল্প বেছে স্বাধীনতা দিবসের টেলিছবি নির্মাণ প্রসঙ্গে সাজ্জাদ সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অপরাধের অতীত কখনও তামাদি হয়না। আর মানবতাবিরোধী অপরাধের কোন ক্ষমা নেই তা এ গল্পে ফুঁটে উঠেছে। খুব প্রাসঙ্গিক মনে হয়েছে বিষয়টি। তাই নির্মাণ করলাম।’








